দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা এখানকার বিচার বিভাগের স্থানীয় সমস্যা শুনেছি। এসব সমস্যা সমাধানের পথ কী, তার সুপারিশ শুনেছি। এ থেকে উত্তরণের পথ কী, সে সিদ্ধান্ত নেব।’
এর আগে সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
সভায় সীমান্ত জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’
বিচারপ্রার্থীদের দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। একই সঙ্গে বিচারকদের কর্মঘণ্টা সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, ‘লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।’
স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দও দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে ২৩টি আদালত সৃজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত এসব আদালতে বিচারক ও জনবল নিয়োগ দেওয়া হবে।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থেকে জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আরও একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।